
নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা। ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আজ শুক্রবার সকাল ১০টায় প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সবাই।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এদিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় ছয়জনকে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে একজন নতুন। অন্যরা আগেও উপদেষ্টা ছিলেন। নতুন মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। এবারের মন্ত্রিসভায় বড় চমক এনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ১৫ প্রভাবশালী মন্ত্রী।