News71.com
 Bangladesh
 11 Jan 24, 10:06 AM
 143           
 0
 11 Jan 24, 10:06 AM

ঘাটতি মেটাতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ধার করছে বাণিজ্যিক ব্যাংকগুলো॥

ঘাটতি মেটাতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ধার করছে বাণিজ্যিক ব্যাংকগুলো॥

নিউজ ডেস্কঃ বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা বাড়িয়েছে। মঙ্গলবার নিলামে ৩৫টি ব্যাংক ও দুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রেপো ও তারল্য সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে ১৩ হাজার ৪৬৭ কোটি টাকা নিয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের ব্যাংকিং খাত কিছুটা তারল্য সংকটের মধ্যে রয়েছে। সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রতি কার্যদিবসে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিচ্ছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিতিশীলতা, নীতি সুদহার বৃদ্ধি এবং সরকারি ট্রেজারি বিলের ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধির কারণে ব্যাংক খাতে কঠোর তারল্য পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা যায়, বেশির ভাগ ব্যাংক ইদানীং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিচ্ছে। অপরদিকে সরকারি ট্রেজারি বিলের সুদের হার ১১ দশমিক ১৫ শতাংশে উঠেছে। এর ফলে অনেক ব্যাংক এখন সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করছে। মঙ্গলবারের নিলামে চারটি ব্যাংক একদিনের রেপো সুবিধার মাধ্যমে ৪১৩ কোটি ২৭ লাখ টাকা নিয়েছে। এছাড়া ১৬টি ব্যাংক ও দুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সাত দিনের রেপো সুবিধার মাধ্যমে ৭ হাজার ৮৭৬ কোটি ২২ লাখ টাকা নিয়েছে। একই দিনে ১৪টি ব্যাংক একদিনের তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে ৪ হাজার ২৬২ কোটি ৫৪ লাখ টাকা এবং দুটি ইসলামী ব্যাংক ১৪ দিনের তারল্য সুবিধার মাধ্যমে ৮৭০ কোটি টাকা নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন