
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নে নৌকা সমর্থকদের অন্তত ৪০টি বাড়ি–ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ আসনে বিজয়ী ঈগল প্রতীকের সমর্থকেরা আজ সোমবার সকাল ৯টার দিকে বাসুদেবপুর, হীরাডাঙ্গা, চর-হীরাডাঙ্গা, সুরাপাড়া, বারই খালী গ্রামে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার পর গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে।ঝিনাইদহ-২ (হরিনাকুন্ডু ও সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার ভোট গ্রহণের পর শান্তিপূর্ণ পরিবেশ ছিল। হঠাৎ আজ সোমবাসকাল ৯টার দিকে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের ৫০–৬০ জন অনুসারী সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে নৌকার সমর্থকদের বাড়ি-ঘর ভাঙচুর শুরু করেন। সে সময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর ও লুটপাট করা হয়। শহিদুল ইসলাম বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর অনুসারী ও সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার সঙ্গে শহিদুল ইসলাম হিরনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই নির্বাচনের পরদিন হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।