
নিউজ ডেস্ক: আবারও রেকর্ড গড়ে বাংলাদেশে ক্ষমতার ধারাবাহিকতা বজায় থাকল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশামত সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।বিএনপিসহ সমমনা বিরোধীদের ভোট বর্জন আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চোখরাঙানির মধ্যেও ভোট করে বিজয় ছিনিয়ে নিল দলটি। ফলে টানা চতুর্থ জয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে গতকাল রোববার দিনভর ভোট গ্রহণ করা হয়। বিকেল থেকে শুরু হয় গণনা। রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২২৩টিতে। তাঁদের পরে সবচেয়ে বেশি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের দখলে গেছে ৬২টি আসন। আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থীরা জিতেছেন ১১টি আসনে। আওয়ামী লীগের শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসন জিতেছে।