
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিজ দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে ৩০ দেশের ১১৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন (এক্রিডিটেশন) পেয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০ জন ইতিমধ্যেই ঢাকায় এসেছেন। নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ২২৭ জন বিদেশি। তাদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।
ঢাকায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিশন যথাক্রমে তাদের ২৯ এবং ১০ জন কর্মীর পর্যবেক্ষণের অনুমতির জন্য আবেদন করে বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। পরে ওই দু’টি মিশন নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে ইসিকে জানিয়ে দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ও ব্যক্তিগতভাবে-এই ৩ শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা সংসদ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। এর মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকছেন। সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), কমনওয়েলথ, ইসলামি সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।