
নিউজ ডেস্কঃ রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২২টি ট্রেনের যাত্রা দুইদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারি এবং নির্বাচনের দিন ৭ জানুয়ারি এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে। শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে একটায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। তবে এই ফেসবুক পোষ্টে কোন সুনিদৃষ্ট কারন উল্লেখ না থাকলেও ধারনা করা হচ্ছে নিরাপত্তা সম্পর্কিত ঝুকির কারনেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কতৃপক্ষ।
ওই পোস্টে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।