
নিউজ ডেস্ক: যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ঢাকা কখনই তার ভূখণ্ডকে ভারতবিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবে না। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
টেলিফোনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের সিনিয়র এই মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে উদ্বীগ্ন হওয়ার কিছুই নেই। ভারত-বাংলাদেশের স্থায়ী সম্পর্কের সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। সামনে এই সম্পর্ক আরও শক্তিশালী হতে যাচ্ছে। কামাল বলেন, ৭ জানুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে আওয়ামী লীগ সরকার। প্রধান বিরোধী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ‘ভয়ে’ নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াত তাদের আমলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারতবিরোধী বিদ্রোহীদের আশ্রয় দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর তাদের নির্মূল করেছি। যতদিন আমরা (আওয়ামী লীগ) ক্ষমতায় আছি, ততদিন বাংলাদেশ থাকবে। ভারত বিরোধী কার্যকলাপ, সন্ত্রাসী বা বিভাজনকারী শক্তিকে কখনোই আমাদের মাটি ব্যবহার করতে দেব না।’ ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে কামাল বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক খারাপ ও সংখ্যালঘুরা নৃশংসতার সম্মুখীন হয়েছে।বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কি না জানতে চাইলে তিনি জোর দিয়ে বলেন, ‘অবশ্যই তা হবে।(সংক্ষিপ্ত)