
নিউজ ডেস্ক: ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি হরতাল ডাকে নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টার জন্য বিএনপির ওপর কেন মার্কিন নিষেধাজ্ঞা আসবে না, সে বিষয়টি খোদ যুক্তরাষ্ট্রের কাছেই জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নির্বাচনের দিন দেওয়া বিএনপির হরতালের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হরতাল-অবরোধ আমরা দেখেছি।হরতালের দিন আরও বেশি যানজট হয়। হরতাল-অবরোধ শুধু তাদের কর্মসূচিতে আছে বাস্তবে নেই।’
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কাছে জানতে চাওয়া হয়, হরতাল দেওয়ার কারণে বিএনপির ওপর ভিসা নিষেধাজ্ঞা আসবে কি না? জবাবে তিনি বলেন, ‘কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি আসবে বা নিষেধাজ্ঞা দেবে, সেটা আমেরিকা ভিসা নীতিতে স্পষ্টভাবে বলেছে। বিএনপি নির্বাচনে বাধাগ্রস্ত করছে, সে ক্ষেত্রে কেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আসবে না—এটা আমরা খোদ যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই। এটা আমাদের জিজ্ঞাসা।’