
নিউজ ডেস্ক: সরকার বা নির্বাচন কমিশন থেকে নয়, বরং নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলো থেকে ভোটারদের প্রতি চাপ সৃষ্টি হতে পারে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও মিশনপ্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের এমনটাই জানান সিইসি।
সিইসি বলেন, ‘তাঁরা জিজ্ঞেস করেছেন যে আমাদের থেকে বা সরকার থেকে বা ইলেকশন কমিশন থেকে ভোটারদের চাপ সৃষ্টি করা হচ্ছে কি না। তাঁদের বুঝিয়েছি, আমাদের থেকে চাপ সৃষ্টির কোনো কারণই নাই। তবে এটা আমাদের দায়িত্বের অংশ যে আমরা যখনই নির্বাচন করি, আমরা ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি—সেটা হলো আপনারা ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। বরং চাপের কথা যদি আপনারা বলেন, একটা চাপ অন্য দিক থেকে হতে পারে। একটি দল নির্বাচন বর্জন করছে, তারা ভোটারদের প্রতি একধরনের চাপ সৃষ্টি করতে পারে। এটা আমরা তাঁদের ব্যাখ্যা করেছি।’