
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও দলীয় সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন রেজা কিবরিয়া। আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানিয়েছেন। রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী ও দলের দপ্তর সহ-সমন্বয়ক শাহাবুদ্দিন শুভ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি এবং আমার পদত্যাগ পত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর জমা দিয়েছি। এ ছাড়া আমি গণঅধিকার পরিষদের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।
উদ্ভূত পরিস্তিতিতে দলের যুগ্ম আহ্বায়ক জনাব কর্নেল (অব) মিয়া মসিউজ্জামনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পদত্যাগপত্রে রেজা কিবরিয়া বলেন, দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে তিনি তাদের সঙ্গে কাজ করে যাবেন। পদত্যাগের কারন জানতে চাইলে শাহাবুদ্দিন শুভ বলেন, কেন পদত্যাগ করেছেন তা চিঠিতেই লেখা হয়েছে।