
নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার বিবেচনায় ব্যাংকের ঋণ বিতরণের নীতিমালা আরও এক বছর শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ২০২৪ সালেও কোনো গ্রাহকের ঋণ মান ৪০ শতাংশ হলে তিনি ঋণ পাবেন। তবে ২০২৫ সাল থেকে ঋণ পেতে হলে অবশ্যই মান ৬০ পেতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারের বিধিবিধান এখন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ সার্কুলারটি বাতিল বলে গণ্য হবে। ঐ দিন থেকে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের বিধিবিধান কার্যকর হবে।
জানা গেছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন গ্রাহকদের বছর শেষে আর্থিক বিবরণী তৈরি করে তা ব্যাংকে দিতে হয়। আর্থিক বিবরণীতে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আগের নিয়মে ৭৫ শতাংশের বেশি পেলে অতি উত্তম, ৬৫ শতাংশের বেশি থেকে ৭৫ শতাংশের কম পেলে ভালো, ৫০ শতাংশের বেশি থেকে ৬৫ শতাংশের কম পেলে প্রান্তিক এবং ৫৫ শতাংশের কম পেলে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে ৪০ শতাংশের কম পেলে তিনি আর নতুন ঋণ পাবেন না।