
নিউজ ডেস্কঃ ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই অংশগ্রহণ অনিশ্চিত হচ্ছে জাতীয় পার্টির। নিয়মিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ থেকে সরছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। আর্থিক ও পারিবারিক কারণ, নির্বাচনের পরিবেশ, দলের সহায়তা না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এরই মধ্যে নয়জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। আরও কয়েকজন সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে ১৩টিতে পরাজয়ের শঙ্কায় রয়েছেন জাপার প্রার্থীরা। এই অবস্থায় দলটির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নির্বাচন বর্জনের দাবি জোরালো হচ্ছে।
জানাগেছে, প্রত্যাশিত আসন না পেলে কেন্দ্রীয় নেতারাও এমন অবস্থান নিতে পারেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। অবশ্য জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর স্বাধীনতা। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি হুমকি এবং অর্থের অভাবকে দায়ী করেন। তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখার কথা জানান। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে জাপা ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল। এগুলোর মধ্যে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।