News71.com
 Bangladesh
 26 Dec 23, 10:58 AM
 153           
 0
 26 Dec 23, 10:58 AM

স্বতন্ত্র প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ১৪ দলের শরিকরা

স্বতন্ত্র প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ১৪ দলের শরিকরা

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ছয়টি আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ১৪ দলের শরিকরা। পাঁচটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী অবস্থানে আছেন বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন। ফলে নৌকা পেয়েও স্বস্তিতে নেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশিত আসন আদায়ে এমনিতেই গলদঘর্ম হতে হয়েছে শরিকদের। একেবারে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ে এসে জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুটি ও জেপিকে একটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন আখতারের আসন নিশ্চিত না করতে পেরে জাসদ প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। ছয় আসন পাওয়ার পর আওয়ামী লীগের কাছে জয়ের নিশ্চয়তা চায় জাসদ, ওয়ার্কার্স পার্টি ও জেপি। তাদের দাবি ছিল দলটির স্বতন্ত্র প্রার্থীদের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরিয়ে নেওয়া। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের এই দাবি আমলে নেয়নি। ফলে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় প্রতীক রেখে নৌকায় উঠেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। জোটের প্রার্থী হয়ে লড়ছেন নৌকা প্রতীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন