News71.com
 Bangladesh
 24 Dec 23, 09:28 PM
 188           
 0
 24 Dec 23, 09:28 PM

ভোটকেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবেঃ সিইসি

ভোটকেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবেঃ সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটকেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এখন কিছু অভিযোগ থাকলেও প্রচারণা ও ভোটের পরিবেশ স্বাভাবিক। তিনি বলেন, ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে- এটার কোনো সুযোগ নেই, এগুলো ভ্রান্ত প্রচারণা। ভোটের দিন একটি মাত্র কেন্দ্রে কারচুপি হলেও ভোটগ্রহণ বন্ধ করা হবে। রোববার দুপুরে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগের ১৫ দিন কী হলো না হলো সেটা কিছুদিন পর মানুষ ভুলে যাবে; কিন্তু ভোটের দিন রেজাল্ট কী হলো, পোলিংয়ের মধ্যে কারচুপি হলো কিনা, জবরদস্তি সিল মারা হলো কিনা- এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, পাঁচটা বাহিনীর লোক থাকলে সবাইকে হাত করা যায় না। আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ ১৫-১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রের বাহিরের ভারসাম্য রক্ষা করবে। কিন্তু কেন্দ্রের ভেতরের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে রিটার্নিং অফিসারকে দায়-দায়িত্ব নিতে হবে। তখন প্রিসাইডিং অফিসারকে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিতে হবে। ওই কেন্দ্রের ভোট প্রয়োজনে ১০বার নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন