News71.com
 Bangladesh
 23 Dec 23, 06:41 PM
 217           
 0
 23 Dec 23, 06:41 PM

আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেইঃ জিএম কাদের

আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেইঃ জিএম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকতে হয়, তা না হলে ভালো নির্বাচন হয় না। তবে এটার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের হাতে ছিল না। জাতীয় পার্টি এখন কোনো দোটানার মধ্যে নেই। আশা ও আগ্রহ নিয়ে নির্বাচনে এসেছি। আমরা আশাবাদী হতে চাই। আমাদের একটা ধারণা, আর যাই হোক আওয়ামী লীগের ক্ষমতা হারানোর কোনো ঝুঁকি নেই। কাজেই আমাদেরকে, জনগণকে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবেন। এখন জনগণ অংশগ্রহণ করবে কিনা- সেটা তাদের বিষয়।

তিনি বলেন, জাতীয় পার্টির রাজনীতি টিকিয়ে রাখার জন্য নির্বাচনে এসেছে। ভবিষ্যতে আমরা যদি মনে করি সেটা কার্যকর হচ্ছে না, আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, তখন আমরা আমাদের পার্টির ফোরামে পরবর্তী সিদ্ধান্ত নেব। শনিবার দুপুরে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনি কর্মিসভায় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এর আগে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য তিনি দুই দিনের সফরে রংপুরে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন