
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সকল সক্ষমতা নির্বাচন কমিশনের আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ শুক্রবার সকালে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের। পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কমিশন।’ বর্তমান কমিশনের অধীনে প্রতিটি নির্বাচনি অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্ত করে সতর্ক করা হচ্ছে। আচরণ বিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে কমিশন আরো কঠোর হবে বলেও জানান তিনি।