
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে ডিবি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
হারুন অর রশীদ বলেন, ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো পার্ট না। এটি এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে, তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি। আশা করছি তাদের দ্রুতই গ্রেফতার করা হবে। ডিবিপ্রধান বলেন, ভাড়াটিয়া হিসেবে হোক আর টাকার লোভে হোক, যারা এই কাজ করছে সেই জায়গা থেকে সরে এসে নাশকতা-দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড়ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক নয়।
তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটার পর ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ চলে যায়। যারা এ কাজটি করেছে, তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এই কাজটি করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসায় আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, যারা নাশকতা করতে চায়, তাদের নাম-নম্বর নিয়ে আমাদের জানাবেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনব।