News71.com
 Bangladesh
 20 Dec 23, 03:45 PM
 166           
 0
 20 Dec 23, 03:45 PM

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগুন দিয়ে মানুষ হত্যার রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। অগ্নিসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। আর তাই বিএনপি জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছে না। দ্বাদশ সংসদ নির্বাচনেও জনগণ আমাদের ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন। যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই। বুধবার দুপুরে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না এসে বিএনপি-জামায়াত মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তাদের নেতা বিদেশে বসে হুকুম দিচ্ছে, তার চেলারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড করে কোনোদিন সফল হতে পারবে না। যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই।


তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের কল্যাণ হয়, উন্নয়ন হয়। এই মুহূর্তে সিলেটে কোনো ঘরহীন বা ভূমিহীন মানুষ নেই। আমরা এভাবে জনগণের মৌলিক চাহিদা পূরণ করছি। ইনশাল্লাহ, পর্যায়ক্রমে অন্যান্য চাহিদাও পূরণ করা হবে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। তা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আগুন দিয়ে পুড়িয়ে বা রেললাইন উপড়ে মা ও শিশুদের হত্যা বা অসহায় মানুষকে হত্যা করা- এ কেমন রাজনীতি। বাংলার মানুষ এমন হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বলেন, তারা মানুষ হত্যার রাজনীতির মাধ্যমে ভীতি সৃষ্টি করে নির্বাচন পণ্ড করতে চায়। কিন্তু ২০১৩ ও ২০১৪ সালে তাদের এমন রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০১৮ সালেও তারা প্রত্যাখ্যাত হয়েছে। তিনি আরও বলেন, ভোট জনগণের অধিকার। ভোটে বা নির্বাচনে কেউ বাধা দিলে জনগণ তাদের উৎখাত করবে। অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন