
নিউজ ডেস্কঃ প্রার্থীতা ফিরে পেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। মামলার তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান, বর্ষীয়ান এ নেতার প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। শুক্রবার চূড়ান্ত শুনানি করে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখেছেন। নির্বাচনে টিকে থেকে প্রধান নির্বাচন কমিশনারের প্রশংসা করেছেন দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করা শাহজাহান ওমর।
ঝালকাঠি-১ আসনের নৌকার এই প্রার্থী বলেন, এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। কাজী হাবিবুল আউয়াল আমার জানাশোনা লোক। শুক্রবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। হলফনামায় মিথ্য তথ্য দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই। অভিযোগকারী মিথ্যা কথা বলেছেন। ইসিতে আমি ন্যায়বিচার পেয়েছি।