
নিউজ ডেস্কঃ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন। কোনো সন্দেহ নেই যে, ৭ জানুয়ারির নির্বাচনের পর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা। দ্য ইকোনমিস্টের এক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের দাবি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দ্বাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯টি দল।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে একমাত্র সক্ষম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটবর্জন করছে। যদিও তারা ভোটে অংশগ্রহণ করতে চাইলে তাদের দলের খুব কম লোকই সেটা করতে পারতেন। কারণ গত ছয় সপ্তাহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নভেম্বরের শেষ থেকে নিরাপত্তা হেফাজতে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। যারা এ পর্যন্ত গ্রেফতার এড়িয়ে গেছেন, তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন।