
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্য হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পানছড়ি থানার ওসি সফিউল আজম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। অপহৃতদের উদ্ধারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত।