
নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন দিল্লি গেলেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা ছিলো। বিমানবন্দর ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত গেছেন। বুধবার হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।