
নিউজ ডেস্ক: হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইলফোন থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সরকারের একাধিক মন্ত্রী এই বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এই বিষয়ে পুলিশ বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার মন্ত্রীদের উপর হামলার শঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যেও সে রকম ইঙ্গিত মিলেছে। সে কারণে আগাম সতর্কতা হিসেবে ক্ষুদেবার্তা পাঠিয়ে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে।
ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম দিয়ে বলা হয়েছে, ‘জঙ্গিরা যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নিজেরা সতর্ক থাকা এবং গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ করা হচ্ছে।’
উল্লেখ্য, গত ১১ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করার পরামর্শ দেন। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।