
নিউজ ডেস্কঃ রাজধানীর বাজারে কমতে শুরু করেছে পিঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পিঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৫০ টাকা। বিভিন্ন ধরনের পিঁয়াজ মিলছে ৯০ থেকে ২০০ টাকায়। নতুন মুড়িকাটা পিঁয়াজ উঠতে শুরু করায় এবং ক্রেতারা পিঁয়াজ কেনা কমিয়ে দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। গতকাল রাজধানীর শ্যামবাজার ও যাত্রাবাড়ী বাজারের পাইকারি পিঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুড়িকাটা নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, পাবনার পুরান পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা, রাজশাহীর পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং ভারতীয় পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। একই বাজারে গত দুই দিন আগে প্রতি কেজি নতুন মুড়িকাটা পিঁয়াজ বিক্রি হয়েছিল ১৪০ টাকা, পাবনার পিঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ টাকা, রাজশাহীর পিঁয়াজ বিক্রি হয়েছিল ১৯৬ টাকা ও ভারতীয় পিঁয়াজ বিক্রি হয়েছিল ১৮০ টাকা দরে।