
নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানের কাছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন ৭৮৭-১০ কেনার প্রস্তাব দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহুল আলোচিত বিমানের ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনায় সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন। বর্তমানে বিমানের কাছে বোয়িংয়ের তৈরি ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
গত ৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত বৈঠকে পিটার হাসের সঙ্গে বোয়িং কোম্পানির একজন ভাইস প্রেডিডেন্ট ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। জানা গেছে, এই বৈঠকে বিমানের ঢাকা-নিউইয়র্ক রুট পরিচালনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবে বোয়িং টিম। কীভাবে দ্রুত রুটটি চালু করা যায় সে বিষয়ে আলোচনা করবে।