
নিউজ ডেস্কঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৯ দলের ২৮টিই আওয়ামী লীগের আনুকূল্য পেতে চায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেউই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে রাজি নয়। ভোটে অংশ নেওয়া অন্তত ২০টি দল সরাসরি নৌকায় নির্বাচন করতে আগ্রহী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন শরিক ১৪ দলের নেতারা চান নৌকা প্রতীকে ভোট করতে। আর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিভিন্ন ইসলামী দল, কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএমসহ সব দলই চায় আসন সমঝোতা। তারা চান তাদের পছন্দের আসনগুলোতে নৌকা প্রতীকসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যাতে না থাকে।
নিশ্চিত জয় চান তারা। সে কারণে আনুকূল্য পাওয়ার জন্য এখন আওয়ামী লীগের কাছে ঘুরঘুর করছে ভোটে অংশ নেওয়া সব দল। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছেন। শেষ পর্যন্ত কয়টি দল আওয়ামী লীগের কাছ থেকে আনুকূল্য পাচ্ছে তা জানার জন্য হয়তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানা যায়, নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। তারমধ্যে ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।