
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আর মাত্র ২৮ দিন পর। সময় কম, চ্যালেঞ্জ বেশি ধরে নিয়েই একদফা দাবিতে চলমান আন্দোলন সফলে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। প্রায় দেড় মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে মাঠের কর্মকাণ্ডে কিছুটা সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে দলটির নীতিনির্ধারকরা। তা কাটিয়ে এখন পুরোপুরি সংগঠিত হয়ে মাঠে নামতে চায়।
তাই আপাতত ‘নরম’ কর্মসূচির পাশাপাশি নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন দায়িত্বশীল নেতারা। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে আরও হিসাব-নিকাশ মেলাতে চান তারা। ১৮ ডিসেম্বরের পর আন্দোলনে নতুন মাত্রা পাবে-এমন প্রত্যাশা নেতাদের। এছাড়া ১৭ ডিসেম্বর পর্যন্ত পেশাজীবীসহ বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকাসহ জেলা সদরে মানববন্ধন কর্মসূচি রয়েছে। এতে গুম-খুনসহ নির্যাতিত পরিবারের সদস্যদের অংশ নিতে বলা হয়েছে।