
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাউল আখড়ায় হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে উপজেলার একতারপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আখড়ায় ভাঙচুরও চালায়।
আহত তিন বাউল হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শরুদা গ্রামের আব্দুর রহিম (৬৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫০), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রুশিয়া বেগম (৬০)। তাঁদের প্রথমে জীবননগর হাসপাতালে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বুলু বেগমকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে গতকাল রবিবার হাসপাতাল ছেড়েছেন।
গ্রামের শেষ মাথায় গড়ে তোলা এই আখড়া বাড়ির মালিক শহিদুল হক শাহ। বাড়ির তদারক করেন তাঁর ছেলে মুকুল হোসেন। তিনি জানান, শনিবার রাতে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন এলাকা থেকে আসা সাধু ও লালন ভক্তরা। রাতে চারজন আখড়ায় থেকে যান। রাত আনুমানিক ১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আখড়ায় ঢুকে তাঁদের এলোপাতাড়ি পেটাতে ও কোপাতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলার সময় রুশিয়ার স্বামী ফজলুর রহমান পালিয়ে রক্ষা পান।
আহত বুলু বেগম বলেন, মুখোশধারী ১০-১২ জন এসে হামলা করে। তাঁকে হামলাকারীরা লোহার রড দিয়ে পেটায়। তাঁর দুই পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাসুদ রানা জানান, রুশিয়ার গলায় ও মুখে আঘাত করা হয়েছে। আব্দুর রহিম ও বুলু বেগমকে শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে পেটানো হয়েছে। এ ছাড়া বুলুর ডান পা ভেঙে দেওয়া হয়েছে।
জীবননগর থানা ওসি মো. হুমায়ুন কবির জানান, গ্রামের ক্ষুব্ধ মানুষদের কেউ কেউ এই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রামে কুপিয়ে হত্যা করা হয় বাউল উৎসবের আয়োজক জাকারিয়া সরদারকে। ওই হত্যার পর দুই দিনের সেই উৎসব বন্ধ হয়ে যায়। এরপর গত ২০ মে কুষ্টিয়া সদরের বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় বাউল ভক্ত হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হামলায় তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর জখম হন।