
নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে তারা আজ দ্বিতীয় দিনের মতো আপিল করার সুযোগ পাচ্ছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ইসি ভবনের সামনে ভিড় করেছেন। তবে ভেতরে নিরাপত্তা স্বার্থে প্রার্থীর সঙ্গে দুজন অর্থাৎ মোট তিনজনের বেশি প্রবেশ করতে পারছেন না। ভেতরে প্রবেশের দুটি ফটকেই করা হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন সবার ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে। মূলত দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের জন্য ইসি ভবন প্রাঙ্গণেই করা হয়েছে আলাদা ১০টি বুথ। সেখানেই আলাদাভাবে চলছে আপিল দায়েরের কার্যক্রম।