
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম ৬০টি আসনে ছাড় চান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা। এর বাইরেও আরও দুটি দাবি জানাবে তারা। প্রথমত, শরিকদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পদ-পদবিওয়ালা কোনো স্থানীয় নেতা তাদের আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না। এসবের নিশ্চয়তা চাইবেন তারা।
আজ সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে এই তিন দফা দাবি তুলবেন ক্ষমতাসীনদের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে তিন দাবির বাইরে আরও একটি বিষয়ে কথা বলবেন শরিক দলের নেতারা। বিশেষ করে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জোটের শরিকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছেন, এটাও বন্ধ করার অনুরোধ জানাবেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমুর সঙ্গে তার রাজধানীর ইস্কাটনের বাসভবনে গিয়ে বৈঠক করেন ১৪ দলীয় জোটের শীর্ষ কয়েক নেতা। সেখানেও শরিকদের আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে নিজ নিজ দলের প্রার্থীর তালিকা আমির হোসেন আমুর কাছে দেন নেতারা। একই সঙ্গে জোট নেতারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্রুত একটি বৈঠকের বিষয়ে তাগিদও দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন শরিকরা।