
নিউজ ডেস্কঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটি টাকার সোনাসহ চার যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা কাস্টমস। আটকরা হলেন- আলী হোসেন, জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) ও মোহাম্মদ জুম্মন খান। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, যাত্রীদের মধ্যে আলী হোসেনের কাছ থেকে তিনটি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ মোট এক কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে নয়টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ দুই কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এ ছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়।
তিনি জানান, লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। সবমিলে তাদের কাছ থেকে সাত কোটি টাকার সোনা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।