
নিউজ ডেস্কঃ দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে না বিএনপিসহ সমমনা দল ও জোট। ‘সরকার পতনের’ একদফা চূড়ান্ত আন্দোলনে রয়েছে তারা। অভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করলেও আগামী দিনে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চান। এ নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো ৩৯টি রাজনৈতিক দল যৌথসভা করে। একসঙ্গে কর্মসূচি পালনের বিষয়ে একমত হন দলগুলোর শীর্ষ নেতারা। একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব দলকেও ঐক্যে চান নেতারা।
এজন্য ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করতে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির তিন সিনিয়র নেতাকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বিএনপিকে ভাঙতে না পারায় ওই যৌথ সভায় স্বস্তি প্রকাশ করেন নেতারা। এটাকে বিএনপির প্রাথমিক বিজয় বলে উল্লেখ করেন তারা। শুক্রবার থেকে আত্মগোপনে থাকা নেতারা মাঠে নামার পাশাপাশি নানা সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে যৌথসভা থেকে।