
নিউজ ডেস্ক: গুলশানের ক্যাফেতে হামলকারীদের আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াসউদ্দিন আহসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ বলেন, আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম উপ-উপাচার্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, ‘মাননীয় উপাচার্য বলেছেন, যেহেতু তাকে (গিয়াসউদ্দিন আহসান) ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হল।’
হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের নিজের ফ্ল্যাট ব্যবহার করতে দেওয়ার অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন গিয়াসউদ্দিন। এরপর গতকাল রবিবার আদালতে মাধ্যমে তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়। গুলশানে হামলাকারী ৫ জনের মধ্যে নর্থ সাউথের এক ছাত্র ছিলেন। উদ্ধার জিম্মিদের মধ্যে নর্থ সাউথের এক শিক্ষককে নিয়েও পুলিশ সন্দেহের কথা বলেছিল।
ওই হামলার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় পুলিশের উপর হামলাকারী একজনও ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।