
নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, দেশে ধান, গম ও চাল মিলিয়ে ৯ লাখ ৩ হাজার ৪১২ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে । তিনি আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে আরো বলেন, মজুদকৃত খাদ্য শস্যের মধ্যে ধানের মজুদ রয়েছে ২ লাখ ৫৬ হাজার ২২১ মেট্রিক টন। চালের মজুদ রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২১০ মেট্রিক টন এবং গমের মজুদ রয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৫৮ মেট্রিক টন।
সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, সরকার স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে কম দামে খাদ্যপণ্য সরবরাহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ পরিবারকে বছরের কর্মাভাবকালীন ৫ মাস পরিবার প্রতি মাসিক ৩০ কেজি হারে চাল সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়নের কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাস হতে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।