
নিউজ ডেস্ক: মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ৩ জন সদস্যকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার মাদারীপুর সদর থানার এসআই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিহাদি বইসহ বহিরাগত ৩ জন যুবককে আটক করে।
আটককৃত এই যুবকরা হলেন, শরীয়তপুরের জাজিরার নাওটানা গ্রামের আব্দুস ছালাম ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৩), চাঁদপুরের হাজীগঞ্জের মুকুন্দসার গ্রামের শাহজাহান প্রধানের ছেলে আব্বাস উদ্দিন (২৭) ও কিশোরগঞ্জের তাড়াইলের সেকেন্দারনগরের আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল আহাদ (১৮)।
এই ঘটনায় গত শুক্রবার সদর থানা পুলিশ বাদী হয়ে ঐ তিন জন যুবকের বিরুদ্ধে মামলা করেন। তারপরে পুলিশ রিমান্ডের আবেদন করলে আজ সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।