
নিউজ ডেস্কঃ নির্বাচনের বল মাঠে গড়াতেই শুরু হয়েছে নানা সমীকরণ। মনোনয়নপত্র জমার শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোটের শরিকসহ অনেক নেতা আসন ভাগাভাগির জন্য দরকষাকষির ছক নিয়ে তৎপর। একাদশ সংসদ নির্বাচনে পাওয়া আসনের পাশাপাশি নতুন আসন বা ভোটের পর কী পদ আদায় করা যায়, সে পরিকল্পনায় ব্যস্ত সংশ্লিষ্টরা।
অনেকেই ক্ষমতাসীনদের সঙ্গে কথাও বলছেন। কেউ কেউ গত নির্বাচনের চেয়ে এবার বেশি আসন দাবি করে বসেছেন। কীভাবে আসনগুলো নিজেদের আয়ত্তে আনা যায়, সেই কৌশল নির্ধারণে সময় পার করছেন নেতারা। কিন্তু আওয়ামী লীগ ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করায় পরিস্থিতি কিছুটা জটিল রূপ নিয়েছে।
এখন পর্যন্ত শরিকদের জন্য কোনো আসন ছাড়ের ঘোষণা না দেওয়ায় হঠাৎ করেই এক ধরনের অনিশ্চয়তায় পড়েছেন জোটভুক্ত দলের অনেক নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা কতটুকু ছাড় দেবে, কতটুকু আনুকূল্য দেখাবে-এমন ভাবনা পেয়ে বসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিকদের। শরিক দলের যেসব নেতা নৌকায় ভর করে কয়েক দফা সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের সময়ও খুব ভালো কাটছে না।