News71.com
 Bangladesh
 29 Nov 23, 12:10 PM
 123           
 0
 29 Nov 23, 12:10 PM

ফ্রি স্টাইলে স্বতন্ত্র প্রার্থী রাখবে না আওয়ামী লীগ

ফ্রি স্টাইলে স্বতন্ত্র প্রার্থী রাখবে না আওয়ামী লীগ

 

 

নিউজ ডেস্কঃ কৌশলগত কারণে স্বতন্ত্র বা ডামি প্রার্থীর বিষয়ে নমনীয় থাকলেও শেষ পর্যন্ত একেবারে ‘ফ্রি স্টাইলে’ রাখবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট করতে আপাতত এমন সিদ্ধান্ত থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এ বিষয়ে তৃণমূলে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবে দলটি। সেখানেই স্পষ্ট করা হবে কোথায় বা কারা হতে পারবেন ডামি প্রার্থী। এর বাইরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে দলের সেই অবস্থানও স্পষ্ট করা হবে। এর সঙ্গে রয়েছে জোট শরিক ও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টিও।

 

শরিকদের ছেড়ে দেওয়া আসনে দলের প্রার্থী বা ডামি প্রার্থী রাখা হবে কিনা তাও সুনির্দিষ্ট করবে দলটি। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও কিছু সময় নিতে চায় ক্ষমতাসীন দলের হাইকমান্ড। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সময়ের ব্যবধানে কৌশল ও সিদ্ধান্ত সুনির্দিষ্ট করেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সেটা মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করবেন।

 

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী নয়, ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আর ডামি প্রার্থী এক জিনিস নয়। ডামি প্রার্থী জেতার প্রার্থী নয়। এটা বলা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে নির্বাচন না হয় সেজন্য। আর স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর ব্যাখ্যা অন্য জিনিস। নেতাকর্মীদের বিভ্রান্ত করতে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছে। তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন তারা কোনো অবস্থাতেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন না। কেউ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে তৃণমূলকে সহজ-সরল ভাষায় পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন