
নিউজ ডেস্কঃ বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের সময়ের মধ্যেই আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্ধারিত সময়ের পরে এলে তা গ্রহণযোগ্য হবে না। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এ নির্বাচন কিভাবে করা যায় তারই একটা প্রস্তুতি সভা করলাম। রাজশাহী বিভাগের যারা এ নির্বাচনের কাজে সংশ্লিষ্ট তারা সবাই এসেছেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা বিধি মেনে নির্বাচন করতে চাই। যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনি চ্যালেঞ্জ তেমন কিছুই না। নির্বাচনি চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে কাজ করার। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন বরাবরই হয়ে এসেছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।