
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৯ উপজেলা ও তিন জেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এছাড়া একজন জেলা পরিষদ সদস্যও পদত্যাগ করেছেন। মঙ্গলবার তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে পদত্যাগপত্রে সবাই ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
পদত্যাগ করা তিন জেলা পরিষদ চেয়ারম্যান হলেন-কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান এবং হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. মুশফেক হুসেন চৌধুরী। এ ছাড়া যশোর জেলা পরিষদ সদস্য আজিজুল ইসলাম পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদ আইন ২০০৮ অনুসারে কোনো চেয়ারম্যানের অনুপস্থিতি বা পদত্যাগ করলে প্যানেল চেয়ারম্যান-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।