
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান এ সংগঠনের নেতারা। তবে নির্বাচন কমিশন যদি তফসিলের সময় ১০দিন বাড়িয়ে দেন তাহলে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে বলেও জানান তারা। একইসঙ্গে নির্বাচনে অংশ না নেওয়া দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, কোনো নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় সেসব দলের সংযুক্তি নিয়ে কমিশনকে নতুন করে ভেবে দেখতে হবে। একইসঙ্গে আমরা নির্বাচনের তফশিল কমপক্ষে ১০ দিন পেছানোর দাবি জানাচ্ছি। যাতে করে এখনও যারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি, তারা ভেবে দেখতে পারে এবং প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা সহজ হয়। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এই দুঃসময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপিসহ সব নিবন্ধিত দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।