
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। ভোট যখন হওয়ার তখনই হবে, ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে, দিনেই ভোট হবে।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই, করতেই হবে।
নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। দল, কর্মী, প্রার্থী, ভোটার নিয়ে আসবে। যদি কেউ ভয়ভীতি দেখায় সেই বিষয়ে ব্যবস্থা হবে। নির্বাচন বানচাল করা, ভোট দিতে না দেওয়া বা বাধাগ্রস্থ করার অধিকার কারো নেই।