
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র তুলেছিলেন ব্যারিস্টার সুমন। তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।
আলোচিত আইনজীবী বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো। এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমনও। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।