
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারেন, সেদিকে দৃষ্টি রাখতে মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, কেউ বিনা ভোটে নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎ করতে গেলে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। দ্বাদশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। সূত্রমতে, আগামী জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান।