
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নয়াদিল্লিভিত্তিক মিশন প্রধানদের জানিয়েছে বাংলাদেশ। অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচন একটি উৎসবের উপলক্ষ্য উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট দিতে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি কূটনীতিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৯০ জন রাষ্ট্রদূতকে এই ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন।