
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কারা পেলেন, তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে রোববার। এদিন বিকাল সাড়ে ৪টায় নৌকার মাঝিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। এ সময় সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন নৌকার হয়ে ভোটযুদ্ধ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।