
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ না হওয়া পর্যন্ত বিএনপিকে আর কোথাও কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় সরকার। ভোট প্রতিহতে বিএনপির চলমান কর্মসূচি এবং অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে শীর্ষ পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যে সব মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সমস্যা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সহিংসতায় জড়িত বিএনপি সমর্থকদের আইনের আওতায় আনতে বলা হয়েছে।
অন্যদিকে বিএনপির প্রতিটি কর্মসূচির দিন নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। আন্দোলন ঘিরে বিএনপি সংঘাত-সহিংসতায় জড়ালে পালটা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন- যথাসময়েই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না এসে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে। ফলে তাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।