
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন বড় দেশ বিএনপিকে সমর্থন দিচ্ছে দিক, আমার কাছে বাংলাদেশের চেয়ে বড় আর কেউ না৷ দেশের জন্য কাজ করি, কারও তাবেদারি করার জন্য ক্ষমতায় বসিনি৷ আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে না পারলেও এখন অর্থনৈতিকভাবে অপচেষ্টা করে যাচ্ছে বিদেশি কিছু কিছু মোড়ল৷ দুমুখো কিছু মোড়ল বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নষ্টের ষড়যন্ত্র করছে৷ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নৌকা মানেই শান্তি ও সমৃদ্ধি৷ নিশ্চয়ই দেশবাসী এসব বাস্তবতা মাথায় রেখেই ভোট দেবেন৷ বিএনপি ক্ষমতায় এলে দেশকে খুবলে খাবে, নিজেদের ভাগ্য গড়বে৷
তিনি বলেন, সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে৷ তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না৷ জনগণ ধরা শুরু করলে, ওই মুষ্টিমেয়রা ঠাঁই পাবে না৷ নির্বাচনে অংশ নেওয়ার মতো আস্থা-বিশ্বাস বিএনপির নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা কি একটাও নেতা দেশে পেল না, যাকে তাদের প্রধান বানাবে৷ শেখ হাসিনা বলেন, নির্বাচন স্বচ্ছ করতে যা করা দরকার ছিল, সবই করেছে সরকার। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা সংস্কার করেছে।