
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি গণমাধ্যম কর্মীদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করছি। আজ বিকাল সোয়া ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় পার্টি মহাসচিব এ ঘোষণা দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু এমপি বলেন, জাতীয় পার্টি কোন জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। দুপুর পর্যন্ত আমাদের প্রায় ১৪০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।