
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৮ দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এসব দেশ ও সংস্থাকে ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেছেন, যেসব দেশ তাদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, সেসব দেশ ও সংস্থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জানা গেছে, চিঠিতে এসব দেশের নির্বাচন কমিশনারসহ তিনজনের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়। তাদের নির্বাচন পর্যবেক্ষণের খরচ নির্বাচন কমিশন বহন করবে। এ তালিকায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নাম নেই। আমন্ত্রণ জানানো হয়েছে সার্ক ও ওআইসিকে।
আমন্ত্রণ পাওয়া দেশগুলো হচ্ছে-ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিসর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত এবং সৌদি আরব। এছাড়া একক দেশ হিসাবে চীন, জাপান ও সিঙ্গাপুরের নির্বাচন কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া সার্ক ও ওআইসির মহাসচিব এবং ফেমবোসা ও এ-ওয়েব’র চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে।