
নিউজ ডেস্কঃ সার্বভৌমত্বের প্রশ্নে সামরিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি খুবই স্পষ্ট। সেটি হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে সার্বভৌমত্বে কোনো আঘাত এলে যাতে প্রতিহত করা যায়, সেই প্রস্তুতি সামরিক বাহিনীতে থাকতে হবে। মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ৭৫’র পর দেশে কোনো গণতান্ত্রিক ধারা ছিলো না। যার ফলে দেশে কোনো উন্নতি দৃশ্যমান ছিলো না। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম শুরু করি। মাত্র ৫ বছর আমরা সময় পেয়েছিলাম, এরপরও সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতার শুরু করে যাওয়া বিভিন্ন কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাই।
ধারাবাহিক গণতন্ত্র না থাকলে দেশ উন্নত হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর গত ১৫ বছরে আমরা যে ব্যাপক উন্নয়ন করেছি এখন যাদের বয়স ১৫-২০ বছর তারা ভাবতেও পারবে না বাংলাদেশ একসময় কেমন ছিল। গ্রামের মানুষও শহরের সব সুবিধা পাবে সেটাই আমাদের লক্ষ্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। সেলক্ষ্যে আর্ম ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়েছে। সেই সাথে আরও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।